এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম:
চট্টগ্রামের মীরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের দক্ষিণ পশ্চিম জোয়ার গ্রামে পুকুরে ডুবে দুই বছর বয়সী এক শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৪ নভেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুটি ওই গ্রামের হায়দার আলী মিয়াজি বাড়ির বাসিন্দা আবুল কালাম আজাদের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে বাড়ির পাশে খেলাধুলা করছিল শিশুটি। একপর্যায়ে সবার অজান্তে সে পাশের পুকুরে পড়ে যায়। পরে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন অনেক খোঁজাখুঁজির পর পুকুরের এক কোণে শিশুটিকে ভাসমান অবস্থায় উদ্ধার করেন।
উদ্ধারের পর শিশুটিকে বাঁচানোর জন্য বিভিন্নভাবে চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত তার মৃত্যু নিশ্চিত হয়।
দুই বছরের নিষ্পাপ শিশুটির এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে। এ ঘটনায় এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
শিশুর এমন অকালমৃত্যুতে শোকাহত পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন স্থানীয়রা।