সাদ্দাম হোসেন সাজ্জাদ :
কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে ১১ লাখ পিস ইয়াবা ও দেশীয় তৈরি পাঁচটি বড় রামদা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫। এ সময় মাদক পাচারের সঙ্গে জড়িত সন্দেহে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ১০টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের মৌলভী বাজারের আঠারো ঘরপাড়া এলাকায় সীমান্তসংলগ্ন একটি ধানখেতে এ অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—হ্নীলা ইউনিয়নের নাইখংখালী এলাকার সলিম উদ্দীনের ছেলে মো. আবছার উদ্দীন (১৯) এবং মৌলভী বাজার এলাকার ছলিম উদ্দীনের ছেলে মো. আদিল (২৬)।
এসআরবি-১৫ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সিপিসি-১ ক্যাম্পের সদস্যরা জানতে পারেন, একটি সংঘবদ্ধ মাদক কারবারি চক্র হ্নীলা সীমান্ত দিয়ে ইয়াবার বড় চালান দেশে প্রবেশ করানোর চেষ্টা করছে। এমন তথ্যের ভিত্তিতে ক্যাম্পের সহকারী পুলিশ সুপার সোহেল রানার নেতৃত্বে একটি বিশেষ অভিযানিক দল ঘটনাস্থলে অভিযান চালায়।
অভিযানসংশ্লিষ্ট সূত্র জানায়, সীমান্তবর্তী এলাকায় ৯ থেকে ১০ জন সন্দেহভাজন ব্যক্তির গতিবিধি পর্যবেক্ষণের পর অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুইজনকে আটক করা সম্ভব হলেও অন্যরা পালিয়ে যান।
পরে ঘটনাস্থল থেকে ১১ লাখ পিস ইয়াবা ও দেশীয় তৈরি পাঁচটি বড় রামদা উদ্ধার করা হয়। উদ্ধার করা রামদাগুলো মাদক পাচারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে রাখা হয়েছিল বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
কক্সবাজার স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫-এর সহকারী পুলিশ সুপার ও পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) আ.ম. ফারুক অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ঘটনায় উদ্ধার করা ইয়াবা ও অস্ত্র জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পরবর্তী আইনি কার্যক্রমের জন্য তাঁদের টেকনাফ থানায় হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।