দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় পর অনুষ্ঠিত হতে যাচ্ছে সুনামগঞ্জের তাহিরপুর বড়ছড়া-চারাগাঁও কয়লা আমদানিকারক গ্রুপের দ্বিবার্ষিক নির্বাচন-২০২৬। নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে সরগরম হয়ে উঠেছে ব্যবসায়ী মহল। বিশেষ করে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতাকে কেন্দ্র করে প্রার্থীদের প্রচার-প্রচারণা ও ভোটারদের অংশগ্রহণে বাড়ছে নির্বাচনী আমেজ।
সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাক আহাম্মেদ। বুধবার (১১ নভেম্বর) দুপুরে গ্রুপের কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার ও তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলীর কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
মনোনয়নপত্র সংগ্রহের পর থেকেই সাধারণ সম্পাদক পদে সম্ভাব্য প্রতিদ্বন্দ্বিতা নিয়ে ব্যবসায়ীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। প্রার্থীরা নিজেদের অবস্থান তুলে ধরতে ভোটারদের সঙ্গে যোগাযোগ, কুশল বিনিময় ও মতবিনিময় করছেন। পাশাপাশি সংগঠনের উন্নয়ন, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ এবং সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার নানা প্রত্যাশার কথাও তুলে ধরছেন।
অন্যদিকে, দীর্ঘদিন পর নির্বাচন অনুষ্ঠিত হতে যাওয়ায় ভোটারদের মধ্যেও তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। তালিকাভুক্ত ৩৬৪ জন ভোটারের মধ্যে নির্বাচনী আলোচনা ও হিসাব-নিকাশ শুরু হয়েছে। প্রার্থীদের যোগ্যতা, সাংগঠনিক দক্ষতা, ব্যবসায়ীদের সঙ্গে সম্পর্ক এবং ভবিষ্যৎ পরিকল্পনা বিবেচনায় নিয়ে ভোট দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন অনেক ভোটার।
ব্যবসায়ীদের প্রত্যাশা, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে এমন নেতৃত্ব নির্বাচিত হবে, যারা কয়লা ও চুনাপাথর আমদানিকারকদের ন্যায্য স্বার্থ রক্ষা, ব্যবসায়িক সমস্যা সমাধান এবং সংগঠনের ঐক্য বজায় রাখতে কার্যকর ভূমিকা রাখবেন।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ ডিসেম্বর ২০২৬, শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচিত নতুন কমিটি আগামী দুই বছর সংগঠনের দায়িত্ব পালন করবে।
দীর্ঘ বিরতির পর অনুষ্ঠিতব্য এ নির্বাচনকে ঘিরে প্রার্থীদের প্রচারণা যত বাড়ছে, ততই বাড়ছে ভোটারদের আগ্রহ ও প্রত্যাশা। শেষ পর্যন্ত সাধারণ সম্পাদক পদসহ গুরুত্বপূর্ণ পদগুলোতে কারা বিজয়ের হাসি হাসবেন, তা জানতে এখন অপেক্ষা ১২ ডিসেম্বরের ভোটের ফলাফলের।