মোঃ সুজন আহাম্মেদ বিভাগীয় চিফ রাজশাহীঃ
রাজশাহীর গোদাগাড়ীতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে দুটি অবৈধ বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোদাগাড়ী উপজেলার সারইল গ্রামে আনোয়ার হোসেন বাবুর বাড়ির দক্ষিণ পাশে গোদাগাড়ী-রাজশাহী মহাসড়কে পুলিশের চেকপোস্টে তল্লাশিকালে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
রাজশাহী জেলা পুলিশ সুপার মোঃ মামুন অর রশিদের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহাবুবুর রহমানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে সেখানে চেকপোস্ট ডিউটি পরিচালনা করছিল। এ সময় সন্দেহভাজন দুইজনকে তল্লাশি করে একজনের পরিহিত জিন্স প্যান্টের সামনের দুই পাশের কোমরের অংশ থেকে দুটি অবৈধ বিদেশি পিস্তল (মেড ইন ইউএসএ, ৭.৬৫ মিমি), চারটি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে দুজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার তেলকুপি গ্রামের শীষ মোহাম্মদের ছেলে মোঃ শাহীন আলী এবং একই উপজেলার জমিনপুর গ্রামের মৃত ইসরাইল আলীর মেয়ে মোছা. পিংকি খাতুন।
এ ঘটনায় মোঃ শাহীন (৫৬), পিতা ভিকু, সাং কালিগঞ্জ, থানা শিবগঞ্জ, জেলা চাঁপাইনবাবগঞ্জ নামে অপর এক অভিযুক্ত পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত মোঃ শাহীন আলীর বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি এবং বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রয়েছে। অপরদিকে, পলাতক অভিযুক্ত মোঃ শাহীনের বিরুদ্ধে ঢাকার সূত্রাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে।
উদ্ধারকৃত অস্ত্র ও গুলির ঘটনায় গ্রেপ্তারকৃত এবং পলাতক অভিযুক্তদের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।