মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় নদ-নদী, খাল, পাহাড় ও ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। রবিবার (২২ ফেব্রুয়ারি ২০২৬) দিবাগত রাতে এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল-আমীন এবং সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক। প্রশাসনের তৎপর অভিযানে বিভিন্ন স্থানে অবৈধ বালু উত্তোলন কার্যক্রমে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় এবং সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করা হয়।
স্থানীয়ভাবে জানা যায়, সবুজ অরণ্য ও লাল পাহাড়বেষ্টিত ঝিনাইগাতীর নদ-নদীগুলো দীর্ঘদিন ধরে অবৈধ বালু উত্তোলনের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পরিবেশবিদ ও সচেতন মহলের মতে, অবাধ বালু উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে এবং প্রাকৃতিক ভারসাম্য মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে।
অভিযানকালে রাতভর তৎপরতা চালিয়ে পারভেজ নামে একজনকে আটক করা হয়। প্রাথমিকভাবে তিনি স্বল্প পারিশ্রমিকের বিনিময়ে শ্রমিক হিসেবে কাজ করার কথা স্বীকার করেছে। প্রশাসনের ধারণা, এর পেছনে একটি সংঘবদ্ধ চক্র সক্রিয় রয়েছে, যারা শ্রমিকদের মাধ্যমে দূর থেকে এ কার্যক্রম পরিচালনা করছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আল-আমীন জানায়, অবৈধ বালু উত্তোলনের ফলে নদী, খাল ও পাহাড়ি ছড়ার অস্তিত্ব এখন মারাত্মক হুমকির পথে। জনস্বার্থ ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে এবং জড়িত মূল হোতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় জনগণকে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে সচেতন থাকার পাশাপাশি তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বানও জানানো হয়েছে।