বিশেষ প্রতিনিধি
কারমাইকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থী, রংপুর জজ কোর্টের সিনিয়র আইনজীবী ও বিশিষ্ট সংগীতশিল্পী অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি বাংলাদেশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য (এমপি) মনোনীত হয়েছেন। তাঁর এই অর্জনে কারমাইকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থীসহ রংপুরের সর্বস্তরের মানুষের মাঝে আনন্দের জোয়ার বইছে।
অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি দীর্ঘ ৪০ বছরের এক বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী। দীর্ঘ সময় ধরে তিনি মাঠপর্যায়ের রাজনীতির পাশাপাশি আইন পেশা এবং সাংস্কৃতিক অঙ্গনে সমানভাবে পদচারণা করে আসছেন। তিনি বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের একজন স্বনামধন্য কণ্ঠশিল্পী হিসেবেও পরিচিত। ব্যক্তিগত জীবনে তিনি কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতি, রংপুরের কার্যনির্বাহী কমিটির সদস্য জনাব রওশনুল হক সরকারের সহধর্মিণী।
তাঁর এই বিশাল সাফল্যে কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতি, রংপুর-এর পক্ষ থেকে গভীর সন্তোষ প্রকাশ করা হয়েছে এবং তাঁকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে। এক অভিনন্দন বার্তায় সমিতির উপদেষ্টা জনাব মোঃ মনিরুল হক প্রধান, সভাপতি জনাব ডাঃ শাহ্ শাহজাদা পিন্টু এবং সিনিয়র সহ-সভাপতি জনাব দৌলত আকবর বলেন, “অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি আমাদের কলেজের গর্ব। তাঁর এই মনোনয়ন যোগ্যতারই প্রতিফলন।”
সমিতির সাধারণ সম্পাদক জনাব মোঃ শহিদুল আলম লাবু ও সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ আতিয়ার রহমানসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ অভিনন্দন জানিয়ে বলেন, একজন সৎ, নিষ্ঠাবান ও জনবান্ধব মানুষ হিসেবে তিনি সর্বদা আমাদের নিকট পরিচিত। জাতীয় সংসদে তিনি রংপুরের মানুষের অধিকার ও নারীদের ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আমরা বিশ্বাস করি।
উল্লেখ্য, অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি দীর্ঘ দিন ধরে বিএনপি রাজনীতির সাথে জড়িত থেকে দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। তাঁর এই নতুন পথচলায় রংপুরের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও অভিনন্দন জানিয়েছে।