মৌসুমী দাস, স্টাফ রিপোর্টারঃ
রাজশাহীর চারঘাট উপজেলার রাওথা কলেজে উৎসবমুখর পরিবেশে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের নবীনবরণ ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাওথা কলেজের অধ্যাপক মো. নাদের হোসেন। সভাপতির বক্তব্যে তিনি নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, “তোমরাই কলেজের প্রাণ। নিয়মিত ক্লাস, অধ্যবসায় ও শিক্ষকদের প্রতি শ্রদ্ধাই তোমাদের সফলতার চাবিকাঠি।”
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাওথা কলেজের এডহক কমিটির সভাপতি ও চারঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সাব্বির হোসেন মুকুট। তিনি রাজশাহী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি।
প্রধান অতিথির বক্তব্যে সাব্বির হোসেন মুকুট বলেন, “একটি জাতির প্রকৃত উন্নয়নের ভিত্তি হলো শিক্ষা। শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে সমৃদ্ধ হয়ে গড়ে উঠতে হবে।”
তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে হবে। এসব কর্মকাণ্ড শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশের পাশাপাশি দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।