বিশেষ প্রতিনিধি:
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন বান্দরবান পার্বত্য জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান (মিল্টন)। তার এ নির্বাচনের মধ্য দিয়ে পার্বত্য জেলার স্থানীয় সরকার কাঠামোয় নতুন দায়িত্বে যুক্ত হলেন তিনি।
দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত মশিউর রহমান (মিল্টন) দলীয় সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ এবং বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক দর্শনে অনুপ্রাণিত হয়ে তিনি রাজনীতিতে সক্রিয় রয়েছেন বলে সংশ্লিষ্টরা জানান।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়ায় মশিউর রহমান (মিল্টন) সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং নবনিযুক্ত চট্টগ্রাম পার্বত্য বিষয়ক মন্ত্রী শচীন প্রু জেরির প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মশিউর রহমান (মিল্টন) বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও নীতিকে ধারণ করে বান্দরবান পার্বত্য জেলার মানুষের কল্যাণে কাজ করতে চাই। জেলার সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন, জনকল্যাণ ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সর্বোচ্চ নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করব।”
তিনি বলেন, তার ওপর অর্পিত দায়িত্ব সততা, স্বচ্ছতা ও নিষ্ঠার সঙ্গে পালনের পাশাপাশি জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবেন। এ জন্য বান্দরবান পার্বত্য জেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা ও দোয়া কামনা করেন তিনি।
উল্লেখ্য, মশিউর রহমান (মিল্টন) বান্দরবান সদর উপজেলার ৩১৩ নম্বর বনরূপা পাড়ার বিশিষ্ট ব্যক্তি শামসুর রহমানের ছেলে। দীর্ঘ রাজনৈতিক পথচলায় তিনি বান্দরবান পার্বত্য জেলা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।