সাদ্দাম হোসেন সাজ্জাদ, নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রামের চান্দগাঁও থানায় দায়ের করা মাদক মামলার জিআর ওয়ারেন্টভুক্ত এক আসামিকে কক্সবাজারের টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্প থেকে গ্রেপ্তার করেছে এপিবিএন।
গ্রেপ্তার ব্যক্তির নাম ইউসুফ জালাল (২০)। তিনি টেকনাফের ২৪ নম্বর লেদা রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকের ১৫০ নম্বর শেডের বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত অলি আহাম্মদ।
এপিবিএনের দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ১০টা ৫০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তারে অভিযান চালানো হয়। তিনি নিজ বসতঘরে অবস্থান করছেন—এমন তথ্যের ভিত্তিতে লেদা এপিবিএন ক্যাম্পের রাত্রিকালীন মোবাইল ডিউটি পার্টি ঘটনাস্থলে যায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সংশ্লিষ্ট মামলার বিবরণ অনুযায়ী, ২০২৩ সালের ২৭ জুলাই চট্টগ্রামের চান্দগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলাটি দায়ের করা হয়। মামলার নম্বর ৮১/২৩ এবং জিআর নম্বর ২৯৫/২৩।
গ্রেপ্তারের পর ইউসুফ জালালকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।