এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : চট্টগ্রামের সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় স্বামী ও দেড় বছর বয়সী মেয়ের মৃত্যুর শোক কাতর স্ত্রী ২৪ দিন চিকিৎসাধীন থাকার পর পরপারে গমন করলেন স্ত্রী ও। সূত্র মতে, স্বামী সন্তান হারানো রেশমী আক্তার (২৬) টানা ২৪ দিন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর ১৪ নভেম্বর (শনিবার) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন।
রেশমী আক্তার সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের ২ নং ওয়ার্ডের রাজমহল ক্লাবের পশ্চিম পাশে শাইরার বাপের বাড়ির মৃত দেলোয়ারের স্ত্রী ছিলেন।
গত ২৩ অক্টোবর রাতে স্বামী মোঃ দেলোয়ার হোসেন তার দুই বছর বয়সী মেয়ে ওয়াসিফা জান্নাত ও স্ত্রী রেশমি সহ পরিবারের পরিচিতজনদের নিয়ে একটি অটোরিক্সায় করে কেরানীহাট স্টেশনের একটি মেলায় যাচ্ছিলেন। পথে চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার জাফর আহমদ চৌধুরী ডিগ্রি কলেজ এলাকায় অটোরিক্সাটির সাথে একটি মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান দেলোয়ার হোসেন।
গুরুতর: আহতাবস্থায় রেশমী ও তার মেয়েকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক ওয়াসিফা জান্নাতকে মৃত ঘোষণা করেন। এবং আশঙ্কাজনক অবস্থায় রেশমীকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে চট্টগ্রাম মহানগরীর একটি বেসরকারি প্রাইভেট হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়।
দীর্ঘ ২৪ দিন মৃত্যুর সাথে লড়ে অবশেষে গতকাল রাত সাড়ে ৩টার দিকে চিকিৎসাধীন থাকাবস্থায় তার মৃত্যু হয়।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার রেশমীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রেশমী আক্তার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার মরদেহ বিনা ময়নাতদন্তে দাফনের ব্যবস্থা করা হচ্ছে। রেশমীর মৃত্যুর মধ্য দিয়ে ওই দুর্ঘটনায় একই পরিবারের তিন সদস্যের মৃত্যু হলো।’