সাদ্দাম হোসেন সাজ্জাদ, নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজারের টেকনাফে ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় জারি করা জিআর ওয়ারেন্টভুক্ত নুর কামাল (৩১) নামে এক রোহিঙ্গা আসামিকে গ্রেপ্তার করেছে এপিবিএন।
শনিবার (২১ নভেম্বর) বেলা পৌনে ১২টার দিকে উনচিপ্রাংয়ের ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি/১ ব্লকে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এপিবিএন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উনচিপ্রাং এপিবিএন ক্যাম্পের টহল দলের সদস্যরা নুর কামালের বসতঘরে অভিযান চালান। এ সময় তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য এপিবিএনের এসকর্টে তাঁকে হোয়াইক্যং পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়।
গ্রেপ্তার নুর কামাল টেকনাফ থানার জিআর মামলা নম্বর ৯৩৫/২০-এর ওয়ারেন্টভুক্ত আসামি। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১)(গ) ধারায় মামলা রয়েছে।