কক্সবাজারের হিমছড়িতে সাগরে গোসল করতে নেমে তীব্র স্রোতে ভেসে চার পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও একজন। তাঁকে উদ্ধারে কোস্ট গার্ড, ফায়ার সার্ভিস ও ট্যুরিস্ট পুলিশের অভিযান চলছে।
বুধবার (২১ অক্টোবর) বিকেলে রামু উপজেলার মেরিন ড্রাইভ সড়কের হিমছড়ির পেঁচারদ্বীপ জাদুঘর-সংলগ্ন সমুদ্রসৈকতে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, দুটি পৃথক দলে কয়েকজন পর্যটক সাগরে গোসল করতে নামেন। এ সময় প্রবল স্রোতে পাঁচজন ভেসে যান। পরে স্থানীয় লোকজন ও লাইফগার্ড কর্মীরা একজনকে জীবিত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেন। একই দিন তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে হিমছড়ির সাগর বিলাস এলাকা থেকে মো. হারুন (২০) নামে আরও একজনের মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিস ও উদ্ধারকর্মীরা। তিনি চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার শেরশাহ জামতলা এলাকার মো. কবিরের ছেলে।
এ ঘটনায় ঢাকার আজিমপুর এলাকার বাসিন্দা নাফিসুল হক নিবিড় (২২) এখনো নিখোঁজ রয়েছেন। তাঁকে উদ্ধারে সংশ্লিষ্ট সংস্থাগুলোর অভিযান অব্যাহত রয়েছে।
শারদীয় দুর্গোৎসবের ছুটিতে কক্সবাজারে পর্যটকের সংখ্যা বাড়ায় সৈকতের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকায় গোসল না করা, সতর্কসংকেত মেনে চলা এবং লাইফগার্ডের নির্দেশনা অনুসরণের ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।