কক্সবাজারের উখিয়ায় মিয়ানমার থেকে ইয়াবা পাচারকালে ২০ হাজার পিস ইয়াবাসহ মো. জসিম উদ্দিন (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৪ অক্টোবর) সকালে উপজেলার পালংখালী সীমান্ত এলাকায় ৬৪ বিজিবির বিশেষ টহল দল অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক জসিম উদ্দিন উখিয়া উপজেলার পূর্ব ফাঁড়ির বিল গ্রামের মো. এমদাদুল হকের ছেলে। ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, শনিবার সকাল আনুমানিক ৮টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী ফাঁড়ির বিল নারিকেল বাগানসংলগ্ন বেড়িবাঁধ এলাকায় দায়িত্ব পালন করছিল। এ সময় মিয়ানমারের দিক থেকে গামছায় মোড়ানো একটি পুঁটলি হাতে এক ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে টহল দলের সদস্যদের সন্দেহ হয়। পরে বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় ধাওয়া করে তাকে আটক করা হয়। পরে তার হাতে থাকা পুঁটলি তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো দুটি কার্টনে ২০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন বলে স্বীকার করেছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। ৬৪ বিজিবির অধিনায়ক আরও জানান, মাদক সরবরাহকারী ও চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সীমান্ত নিরাপত্তা রক্ষা এবং মাদক ও অন্যান্য অবৈধ কার্যক্রম প্রতিরোধে দায়িত্ব পালন করছে।