এম, এ কাশেম বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আবদুল কুদ্দুস চৌধুরীকে বদলি করা হয়েছে। তদস্থলে নতুন ডিআইজি হয়ে আসছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এর অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) মোহাম্মদ শামসুল হক।১৫ নভেম্বর (রোববার) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, আবদুল কুদ্দুস চৌধুরীকে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) পদে পদায়ন করা হয়েছে। অন্যদিকে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) মোহাম্মদ শামসুল হককে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।
একই প্রজ্ঞাপনে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিআইজি মিয়া মাসুদ করিমকে পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে। এ ছাড়া বরিশাল রেঞ্জের ডিআইজি কার্যালয়ে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ রাশিদুল ইসলাম খানকে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত ডিআইজি পদে বদলি করা হয়েছে।
অপর এক আদেশে ফেনী ও গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) পদেও রদবদল আনা হয়েছে। ফেনীর বর্তমান পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জের এসপি এবং গোপালগঞ্জের এসপি মোঃ হাবীবুল্লাহকে ফেনীর এসপি হিসেবে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে জনস্বার্থে জারি করা বদলি ও পদায়নের আদেশ অবিলম্বে কার্যকর করার কথা বলা হয়েছে।