নকলার বালিগঞ্জ বাজারে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন
মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:শেরপুরের নকলা উপজেলার বালিগঞ্জ বাজারে মোঃ সুবাস মিয়ার সৌজন্যে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।
৬নং পাঠাকাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সুবাস মিয়ার সৌজন্যে আয়োজিত এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন মাফি মেম্বার।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী, তরুণ সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে বালিগঞ্জ বাজার ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দূর-দূরান্ত থেকে ফুটবলপ্রেমী দর্শকরাও খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত হন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা তরুণ প্রজন্মকে মাদক, জুয়া ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটে এবং সমাজে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি বৃদ্ধি পায়।
চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সুবাস মিয়া বলেন, তরুণ প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাদের সঠিক পথে পরিচালিত করতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে হবে। একটি সুন্দর, সুস্থ ও মাদকমুক্ত সমাজ গঠনে নিয়মিত খেলাধুলার আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি আরও বলেন, এলাকার যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখা প্রয়োজন। ভবিষ্যতেও তিনি স্থানীয় ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও তরুণদের উৎসাহিত করতে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
পরে অতিথিরা খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন এবং টুর্নামেন্টের সফলতা কামনা করেন। উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।