মোঃ সুজন আহাম্মেদ বিভাগীয় চিফ রাজশাহীঃ
রাজশাহীর গোদাগাড়ীতে অজ্ঞাতনামা যানবাহনের ধাক্কায় গুরুতর আহত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (৩১ আগস্ট) সকালে গোদাগাড়ী উপজেলার গোগ্রাম ইউনিয়নের বিজয়নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোর আনুমানিক ৫টা ৪০ মিনিটের দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের বিজয়নগর বাউল পেট্রোল পাম্পের প্রায় ১০০ গজ পূর্বে অজ্ঞাতনামা কোনো যানবাহনের চালক আনুমানিক ৩৫ থেকে ৩৮ বছর বয়সী এক ব্যক্তিকে গুরুতরভাবে আঘাত করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা মহাসড়কের পাশে গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখে গোদাগাড়ী ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন। খবর পেয়ে গোদাগাড়ী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে সকাল আনুমানিক ৬টা ২৪ মিনিটে গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, প্রেমতলীতে নিয়ে যান।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে চিকিৎসা দেন। তবে সকাল আনুমানিক ৬টা ৪০ মিনিটের দিকে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তি মারা যান।
গোদাগাড়ী থানা পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তার পরিচয় শনাক্তে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
কেউ নিহত ব্যক্তিকে চিনে থাকলে প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি অথবা গোদাগাড়ী থানার ওসির সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
যোগাযোগঃ-
প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্র: ০১৩২০-১২২৫৯৭
গোদাগাড়ী থানা: ০১৩২০-১২২৫৯৪