সোহেল সরকার, লন্ডন:
আজ ১০ জুলাই ২০২৬, শুক্রবার বিকেলে লন্ডনের স্ট্রাটফোর্ড স্টেশন এলাকায় রেললাইনের পাশে হঠাৎ অগ্নিকাণ্ডের ফলে জনজীবনে স্থবিরতা নেমে আসে। আগুনের তীব্রতায় ধোঁয়া আচ্ছন্ন করে ফেলে আশেপাশের এলাকা।
ঘটনার বিবরণ:
বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার আগেই স্টেশনের পার্শ্ববর্তী ঝোপঝাড় থেকে আগুনের সূত্রপাত হয়। শুষ্ক আবহাওয়া ও তীব্র তাপপ্রবাহের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পাওয়া মাত্রই লন্ডন ফায়ার ব্রিগেডের ছয়টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ৪০ জন দমকল কর্মীর সম্মিলিত প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
যোগাযোগ ব্যবস্থায় প্রভাব:
এই অগ্নিকাণ্ডের ফলে জুবিলি লাইন এবং মাইল্ডমে লাইনের ট্রেন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। গসপেল ওক থেকে স্ট্রাটফোর্ড এবং ওয়েস্ট হ্যাম থেকে স্ট্রাটফোর্ড রুটে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ ঘোষণা করা হয়েছে। যাত্রীদের অভিযোগ, হঠাত্ পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় কর্মস্থল থেকে ফিরতে তারা চরম ভোগান্তিতে পড়েন।
কর্তৃপক্ষের বক্তব্য:
পরিবহন কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, বিকল্প পথে যাতায়াতের জন্য বৈধ টিকিটের মাধ্যমে যাত্রীদের অন্য লাইনের সেবা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তবে অগ্নিকাণ্ডের কারণ এখনো স্পষ্টভাবে জানা যায়নি, তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানানো হবে।
তীব্র দাবদাহের কারণে আপাতত জরুরি প্রয়োজন ছাড়া যাতায়াত এড়িয়ে চলার জন্য অনুরোধ করা হয়েছে।