ফরহাদ রহমান
স্টাফ রিপোর্টার
কক্সবাজারের টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ আতিকুর রহমান। এর আগে তিনি ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন।
নতুন সহকারী কমিশনার (ভূমি) যোগদানের খবরে টেকনাফের ভূমি সেবা প্রত্যাশীদের মধ্যে স্বস্তি ফিরেছে। দীর্ঘদিন ধরে টেকনাফ উপজেলা ভূমি অফিসে সহকারী কমিশনার (ভূমি) না থাকায় ভূমি-সংক্রান্ত বিভিন্ন সেবা নিতে গিয়ে সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হয়েছে।
জমির নামজারি, খাজনা, ভূমি উন্নয়ন কর, খতিয়ানসহ বিভিন্ন বিষয়ে সেবা নিতে দূর-দূরান্ত থেকে আসা মানুষকে নানা জটিলতার মুখোমুখি হতে হয়েছে। ফলে নতুন সহকারী কমিশনার (ভূমি) যোগদানের মাধ্যমে ভূমি সেবায় গতি আসবে এবং সেবা প্রত্যাশীদের ভোগান্তি কমবে-এমন প্রত্যাশা স্থানীয়দের।
স্থানীয় বাসিন্দারা নতুন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আতিকুর রহমানের কাছে দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত ভূমি সেবা নিশ্চিত করার প্রত্যাশা ব্যক্ত করেছেন।