সাদ্দাম হোসেন সাজ্জাদ :
কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে অগ্নিকাণ্ড মোকাবিলা, জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়া এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ফায়ার সার্ভিসের সঙ্গে যৌথ মহড়া পরিচালনা করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বুধবার (৪ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দ্বীপের বিভিন্ন পর্যটনকেন্দ্রিক হোটেল ও স্থাপনায় এ মহড়া ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, অগ্নিকাণ্ড মোকাবিলায় প্রস্তুতি যাচাই, জরুরি পরিস্থিতিতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং অগ্নিনির্বাপণ সরঞ্জামের সঠিক ব্যবহার সম্পর্কে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে এ যৌথ মহড়ার আয়োজন করা হয়।
মহড়া চলাকালে বিভিন্ন হোটেল ও রিসোর্টের কর্মী এবং স্থানীয় বাসিন্দাদের অগ্নিকাণ্ডের সম্ভাব্য কারণ, আগুন নেভানোর প্রাথমিক কৌশল ও অগ্নিনিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
সেন্টমার্টিন দ্বীপের পর্যটন পরিবেশ নিরাপদ রাখা এবং স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের জানমালের সুরক্ষায় এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
কোস্ট গার্ডের এ কর্মকর্তা জানান, দ্বীপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।