সাদ্দাম হোসেন সাজ্জাদ :
কক্সবাজারের টেকনাফে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়কের নেতৃত্বে যৌথ বিশেষ অভিযান চালিয়ে অপহরণ, ডাকাতির প্রস্তুতি, মাদক ও অস্ত্র-সংশ্লিষ্ট মামলার সাত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযানে বিভিন্ন অপরাধে ছয়জনকে মোবাইল কোর্টের মাধ্যমে তিন থেকে ছয় মাস পর্যন্ত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (২২ নভেম্বর) ১৬ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কাউছার সিকদারের নেতৃত্বে ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন ক্যাম্প এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
১৬ এপিবিএনের দেওয়া তথ্য অনুযায়ী, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধের লক্ষ্যে পরিচালিত এ অভিযানে ১৬ এপিবিএন, জেলা পুলিশ, জেলা প্রশাসন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ব্যাটালিয়ন আনসারের মোট ১১০ জন কর্মকর্তা ও সদস্য অংশ নেন।
অভিযানে অপহরণ মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন মোহাম্মদ হাফেজ আহাম্মদ (৪৫) ও হাফিজুর রহমান। তাঁরা টেকনাফ থানার ১৭ নভেম্বর দায়ের করা নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭/৩০ ধারার একটি মামলার আসামি।
এ ছাড়া ডাকাতির প্রস্তুতি মামলায় ওয়ারেন্টভুক্ত রশিদুল্লাহ (২৪), মাদক মামলার আসামি মেহের কাহতুন মিন্নি, রফিকা বেগম ও মোহাম্মদ শাকেরকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে রফিকা বেগম ও মোহাম্মদ শাকের চট্টগ্রাম মহানগর পুলিশের কর্ণফুলী থানায় দায়ের করা একটি মাদক মামলার আসামি।
অভিযানের আরেকটি দল একাধিক অস্ত্র, ডাকাতি ও মাদক মামলার সন্দিগ্ধ আসামি মো. ইসলামকে (৩১) গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে ১২টির বেশি মামলা বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে ১৬ এপিবিএন।
এদিকে, অভিযানের সময় মাদক সেবন এবং সরকারি আদেশ অমান্য করে সরকারি জায়গা অবৈধভাবে দখলসহ বিভিন্ন অপরাধে ছয়জনকে মোবাইল কোর্টের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়। তাঁদের মধ্যে মাদক সেবনের দায়ে চারজনকে ছয় মাস করে এবং সরকারি আদেশ অমান্যের দায়ে একজনকে তিন মাস ও অন্যজনকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
১৬ এপিবিএনের তথ্য অনুযায়ী, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে চারজন ক্যাম্প-২৪ ও ক্যাম্প-২৬-এর বাসিন্দা এবং অন্য দুজনের একজন নয়াপাড়া নিবন্ধিত ক্যাম্পের বাসিন্দা।
অভিযান শেষে গ্রেপ্তার ও দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে ১৬ এপিবিএন।