সাদ্দাম হোসেন সাজ্জাদ :
কক্সবাজারের উখিয়ায় মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ নভেম্বর) সকাল ১১টায় রাজাপালং ইউনিয়ন পরিষদের মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।
‘স্বপ্নের নামে প্রতারণা’ ও ‘সমুদ্রপথে বিদেশ যাব না’—এ দুটি প্রতিপাদ্য সামনে রেখে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন ব্র্যাকের কর্মকর্তা আজিমুল হক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপালং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর শাহেদুল ইসলাম রোমান।
কর্মশালায় বক্তারা মানবপাচার ও অভিবাসী চোরাচালানের ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং বিদেশে যাওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণা বন্ধে সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে অবৈধ পথে বিদেশ যাত্রার ঝুঁকি সম্পর্কে মানুষকে সচেতন করার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজাপালং ইউনিয়ন পরিষদের সদস্য নুরুল কবির, সৈয়দ হামজা ও আবদুল হক; সংরক্ষিত নারী ইউপি সদস্য রোকসানা আক্তার ও খুরশিদা বেগম; উখিয়া উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক আবদুল মালেক মানিক; উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসেম সিকদার জিসান এবং সাংবাদিক আবদুল লতিফ বাচ্চু ও আবদুল গফুর হৃদয়।
এ ছাড়া ব্র্যাকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা কর্মশালায় অংশ নেন।
মানবপাচার প্রতিরোধ, নিরাপদ অভিবাসন নিশ্চিত করা এবং প্রতারণার ফাঁদ থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে এ ধরনের সচেতনতামূলক কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।