আবু মুসা, টেকনাফ প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপে ২৩২ জন অসহায় ও সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
রোববার (২৫ অক্টোবর) সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিনে এ মেডিকেল ক্যাম্পেইন পরিচালিত হয়। কোস্ট গার্ড জাহাজ মনসুর আলী-এর ব্যবস্থাপনায় আয়োজিত এ কর্মসূচিতে দ্বীপের ২৩২ জন মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধসামগ্রী গ্রহণ করেন।
রোববার বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে সাধারণ মানুষের কাছে বিনামূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, মানুষের কল্যাণে এ ধরনের জনসেবামূলক ও মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখবে বাংলাদেশ কোস্ট গার্ড।