দীর্ঘ ও ঝুঁকিপূর্ণ পথ পাড়ি দিয়ে অবশেষে সমুদ্রপথে গ্রীসে পৌঁছেছেন সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার যুবক সুয়েব আহমদ। আজ রোববার (২২ নভেম্বর) পরিবারের সঙ্গে যোগাযোগ করে গ্রীসে নিরাপদে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
সুয়েব আহমদ শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের জাহানপুর গ্রামের মো. আব্দুল করিমের ছেলে এবং শান্তিগঞ্জ উপজেলা প্রবাসী সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থার সভাপতি গ্রীস প্রবাসী মো. আব্দুল নাঈমের ছোটভাই।
পারিবারিক সূত্রে জানা যায়, উন্নত জীবনের আশায় সুয়েব আহমদ বাংলাদেশ থেকে প্রথমে সৌদি আরবে যান। সেখান থেকে মিশর হয়ে লিবিয়ায় প্রবেশ করেন। লিবিয়ায় প্রায় চার মাস অবস্থানের পর গত ৩১ অক্টোবর তিনি সাগরপথে গ্রীসের উদ্দেশ্যে রওনা দেন। রওনা হওয়ার দীর্ঘ ২২ দিন পর আজ পরিবারের সঙ্গে যোগাযোগ করে তিনি জানান যে, সুস্থ ও নিরাপদ অবস্থায় গ্রীসে পৌঁছাতে পেরেছেন।
ছোটভাইয়ের গ্রীসে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করে তাঁর বড় ভাই মো. আব্দুল নাঈম বলেন, আল্লাহর অশেষ রহমতে ও সবার দোয়ায় আমার ছোটভাই সুয়েব লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রীসে নিরাপদে পৌঁছেছে। আজ ২২ দিন পর সে আমাদের সাথে যোগাযোগ করেছে এবং সুস্থ আছে বলে জানিয়েছে। এই খবরে পরিবারে স্বস্তি ফিরেছে। আমি সবার কাছে আমার ভাইয়ের সুস্থতা, নিরাপত্তা ও সুন্দর ভবিষ্যতের জন্য দোয়া চাই। পাশাপাশি যারা এ যাত্রায় সহযোগিতা করেছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
এদিকে, সুয়েব আহমদের নিরাপদে গ্রীসে পৌঁছানোর খবরে তাঁর পরিবার, স্বজন ও জাহানপুর গ্রামসহ এলাকায় স্বস্তির পরিবেশ বিরাজ করছে।