অপরাধ নিয়ন্ত্রণে তৎপরতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ পুলিশ সুপারের
মোঃ শহীদুল ইসলাম
বিশেষ প্রতিবেদক
কুমিল্লা জেলা পুলিশের মাসিক আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) দুপুর ২টায় কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কুমিল্লার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান, পিপিএম। সভা সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) পংকজ বড়ুয়া।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের অপরাধ দমনে আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি মাঠপর্যায়ে পুলিশি কার্যক্রম জোরদার করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার, ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন, সাইবার অপরাধ দমন, গ্রেফতারি পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলাগুলোর অগ্রগতি এবং গোয়েন্দা কার্যক্রম আরও জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ ছাড়া অপরাধের ধরন ও পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় কৌশল নির্ধারণ, সংশ্লিষ্ট ইউনিটগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং দায়িত্ব পালনে পেশাদারিত্ব নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। পুলিশ সুপার সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিজ নিজ কর্মক্ষেত্রে আরও তৎপরতা, আন্তরিকতা ও সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জিয়াউর রহমান, বিভিন্ন সার্কেলের কর্মকর্তাবৃন্দ, জেলার সব থানার অফিসার ইনচার্জ (ওসি), কুমিল্লা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।