জলবায়ু ন্যায়বিচার ও তরুণ নেতৃত্ব জোরদারে তুরস্কে যাত্রা শুরু
নজরুল ইসলাম, লামা (বান্দরবান):
জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং আন্তর্জাতিক জলবায়ু কার্যক্রমে তরুণদের নেতৃত্ব ও অংশগ্রহণ জোরদার করতে ‘এশিয়ান ইয়ুথ কোয়ালিশন’ (AYC) গঠনের ঘোষণা দেওয়া হয়েছে। এশিয়ার ১০টি দেশের ১২টি যুব সংগঠনের অংশগ্রহণে গড়ে ওঠা এ জোট আঞ্চলিক পর্যায়ে জলবায়ু আন্দোলন ও তরুণদের নেতৃত্বাধীন সংগঠনগুলোর মধ্যে সহযোগিতা বাড়াতে কাজ করবে।
শুক্রবার (১৩ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন COP31-এ ‘From Mountains to Sea: Bringing Asia-Pacific Youth Priorities to the UNFCCC’ শীর্ষক সংবাদ সম্মেলনে জোটটির আনুষ্ঠানিক যাত্রার ঘোষণা দেওয়া হয়। এতে মধ্য এশিয়া, পূর্ব এশিয়া ও দক্ষিণ এশিয়ার তরুণ প্রতিনিধিরা অংশ নেন।
আয়োজকদের তথ্যমতে, বাংলাদেশের সংগঠনসহ এশিয়ার ১০টি দেশের ১২টি যুব সংগঠনের সহযোগিতায় এবং বাংলাদেশে অনুষ্ঠিত Regional Conference of Youth (RCOY) APAC 2026-এর অভিজ্ঞতা ও অর্জনের ভিত্তিতে এ জোট গড়ে তোলা হচ্ছে।
জলবায়ু পরিবর্তন মোকাবিলা, স্থানীয় পর্যায়ে অভিযোজন, পরিবেশ সুরক্ষা এবং বৈশ্বিক জলবায়ু নীতিনির্ধারণে তরুণদের অংশগ্রহণ বাড়ানো হবে জোটটির অন্যতম প্রধান লক্ষ্য। একই সঙ্গে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক কাঠামো সনদ (UNFCCC) এবং বিভিন্ন দেশের জাতীয় জলবায়ু প্রক্রিয়ায় তরুণদের দাবি ও অগ্রাধিকার তুলে ধরতে কাজ করবে সংগঠনটি।
এ ছাড়া এশিয়ার বিভিন্ন দেশের যুব সংগঠনগুলোর মধ্যে যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়, তৃণমূল পর্যায়ের সংগঠনগুলোর প্রাতিষ্ঠানিক, আইনি ও আর্থিক সক্ষমতা বৃদ্ধি এবং যৌথ প্রচারণা ও আন্তদেশীয় প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।
প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, সদস্যভিত্তিক কাঠামোয় পরিচালিত হবে এশিয়ান ইয়ুথ কোয়ালিশন। এতে একটি সচিবালয়, নির্বাচিত স্টিয়ারিং কমিটি ও সদস্য সংগঠন থাকবে। সাত থেকে নয়টি সদস্য সংগঠনের সমন্বয়ে স্টিয়ারিং কমিটি গঠনের প্রস্তাব রয়েছে। পাশাপাশি পাঁচটি বিষয়ভিত্তিক ও উপ-আঞ্চলিক ওয়ার্কিং গ্রুপের মাধ্যমে কার্যক্রম সমন্বয় করা হবে।
প্রতি বছর উন্মুক্ত আবেদন প্রক্রিয়ায় নতুন সদস্য অন্তর্ভুক্তির পরিকল্পনাও রয়েছে। জোটটির পরিচালন কাঠামো, সদস্যপদ নীতিমালা ও প্রতিষ্ঠাকালীন নেতৃত্ব প্রতিষ্ঠাতা সদস্যদের সঙ্গে আলোচনার মাধ্যমে Governance Charter-এ চূড়ান্ত করা হবে।
জোটটির কার্যক্রমে স্বল্পোন্নত দেশ (LDCs), ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র (SIDS), আদিবাসী জনগোষ্ঠী, নারী নেতৃত্বাধীন সংগঠন এবং প্রতিবন্ধী ব্যক্তিদের নেতৃত্বাধীন বা তাঁদের নিয়ে কাজ করা সংগঠনসহ প্রান্তিক ও কম প্রতিনিধিত্বশীল জনগোষ্ঠীর যুব সংগঠনগুলোর অংশগ্রহণ ও সক্ষমতা বৃদ্ধিতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
আয়োজকদের মতে, এশিয়ার তরুণদের জলবায়ু আন্দোলনকে সুসংগঠিত করা, পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং জলবায়ু ন্যায়বিচারের দাবিতে সম্মিলিত কণ্ঠস্বর তৈরি করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। ‘আমাদের অঞ্চল, আমাদের কণ্ঠস্বর, আমাদের সম্মিলিত ভবিষ্যৎ’—এই প্রত্যয়কে সামনে রেখে আন্তর্জাতিক জলবায়ু কার্যক্রমে এশিয়ার তরুণদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে কাজ করবে জোটটি।