সাদ্দাম হোসেন সাজ্জাদ, নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজারের টেকনাফে জিআর ওয়ারেন্টভুক্ত আবু বক্কর সিদ্দিক (৫২) নামে এক রোহিঙ্গা আসামিকে গ্রেপ্তার করেছে লেদা আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। শুক্রবার (১৪ নভেম্বর) রাত ১২টা ২০ মিনিটের দিকে লেদার ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-বি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এপিবিএন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লেদা এপিবিএন ক্যাম্পের রাত্রিকালীন মোবাইল ডিউটি দল জানতে পারে, মাদক মামলার জিআর ওয়ারেন্টভুক্ত আসামি আবু বক্কর সিদ্দিক নিজ শেডে অবস্থান করছেন। পরে পুলিশ সদস্যরা সেখানে অভিযান চালান। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাঁকে আটক করা হয়।
গ্রেপ্তার আবু বক্কর সিদ্দিক ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-বি-এর ১৮৩ নম্বর শেডের বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত আক্তার কামাল।
পুলিশের তথ্য অনুযায়ী, তাঁর বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় ২০২৬ সালের ১৫ মার্চ দায়ের করা ৫৪ নম্বর মামলাটি রয়েছে। মামলাটির জিআর নম্বর ২৪৭/২২ (টি)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(খ) ধারায় মামলাটি করা হয়।
গ্রেপ্তারের পর আবু বক্কর সিদ্দিককে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।