সাদ্দাম হোসেন সাজ্জাদ :
কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান চালিয়েছে এপিবিএন পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানে দুটি পিস্তল, চার রাউন্ড গুলি ও বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) বিকেল ৩টার দিকে ক্যাম্পের এইচ ব্লকে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে কথিত ডাকাত সানাউল্লাহর বসতঘরে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে নম্বরবিহীন দুটি ৭.৬৫ বোরের পিস্তল, দুটি খালি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, একটি স্টিলের চাকু, একটি লোহার দা ও একটি হেক্সো ব্লেড উদ্ধার করা হয়।
এ ছাড়া বিভিন্ন পরিচয়পত্রের ফটোকপি, দুটি রোহিঙ্গা শরণার্থী কার্ড, খালি সিম কার্ডের কাভার, একটি পুরোনো ভারতীয় নোট এবং এক জোড়া বুট উদ্ধার করা হয়েছে।
অভিযানকালে কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার করা আলামত জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।