এম. এ. কাশেম, বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম:
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হেঁয়াকোতে বিরোধের জেরে পরস্পরের ছুরিকাঘাতে বিএনপি নেতা নাসির উদ্দিন বিপ্লব ও কবির (প্রকাশ্যে ঘোষণা কবির) নামে দুজন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। একপর্যায়ে হেঁয়াকো বাজার এলাকায় রামগড়-বারইয়ারহাট সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করা হয় বলে জানা গেছে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, গত শনিবার (৭ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে হেঁয়াকো এলাকায় বিপ্লব ও কবিরের মধ্যে একটি বিরোধকে কেন্দ্র করে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয় এবং উভয়েই ছুরিকাঘাতে আহত হন।
আহত কবিরকে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। অন্যদিকে, আহত বিএনপি নেতা বিপ্লবকে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
তবে কী কারণে তাঁদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়েছিল এবং কী পরিস্থিতিতে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে, ঘটনার পর হেঁয়াকো বাজার এলাকায় উভয় পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জেরে রামগড়-বারইয়ারহাট সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করা হয়। এতে ওই সড়কে যান চলাচল ব্যাহত হওয়ার খবর পাওয়া গেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে। এ ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।