কক্সবাজারের টেকনাফে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় বজ্রপাতে মো. হোসেন (৪৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ১টার দিকে সাগরে মাছ ধরার প্রস্তুতিকালে বজ্রপাতের ঘটনা ঘটে।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নওশাদ আলম কানন জানান, বজ্রপাতে আহত অবস্থায় হোসেনকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়েছিল।
নিহত হোসেন সেন্টমার্টিন দ্বীপের বাসিন্দা বশরের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লম্বরী এলাকায় বসবাস করতেন।
নৌকার মাঝি হামিদুল হক জানান, সোমবার দুপুরে তাঁরা ছয়জন উত্তর লম্বরী নৌকাঘাট থেকে মাছ ধরতে সাগরে যান। মঙ্গলবার রাত ১টার দিকে জাল ফেলার প্রস্তুতিকালে বজ্রপাত হলে নৌকায় থাকা ছয়জনই আহত হন।
আহত অন্য পাঁচজন হলেন আবুল কালাম, আবুল কাসিম, ওসমান, শফি আলম ও হামিদুল হক।
নৌকার মালিক আবদুল আমিন জানান, বজ্রপাতে হোসেনের বাম হাতে আঘাত লেগেছিল। অন্যদিকে, সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়জুল ইসলাম জানান, প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ সেন্টমার্টিনে নিয়ে যাওয়া হবে।