নিজস্ব প্রতিবেদক:
মাদকমুক্ত সমাজ গঠন এবং যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করার লক্ষ্যে মাদকবিরোধী সচেতনতামূলক সভা আয়োজনের প্রস্তুতি নিয়েছে প্রগতি স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন। এ উপলক্ষে সংগঠনটির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ নভেম্বর ২০২৬) বিকেল ৫টায় কোনাবাড়ীর জরুন এলাকায় বৃষ্টি হোটেল সংলগ্ন মুক্তার ভিলায় রবিউল হাসানের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রগতি স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত পরিচালক মোঃ রবিউল হাসান মাদকের বিরুদ্ধে দৃঢ় অবস্থান ব্যক্ত করে বলেন, “মাদক ব্যবসায়ী যতই প্রভাবশালী হোক না কেন, মাদকের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ ও অবস্থান থাকবে আপসহীন। যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে এবং একটি সুস্থ, সুন্দর ও নিরাপদ সমাজ গড়ে তুলতে আমাদের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবন ধ্বংস করে না, এটি একটি পরিবার, সমাজ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্যও মারাত্মক হুমকি। মাদকের কারণে তরুণসমাজের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি সামাজিক অপরাধ ও পারিবারিক অস্থিরতা বৃদ্ধি পায়। তাই মাদকের বিস্তার রোধে পরিবার, সমাজ, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনগুলোকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, মাদকবিরোধী আন্দোলনকে শুধু সভা-সমাবেশের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি, তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার মাধ্যমে এ আন্দোলনকে এগিয়ে নিতে হবে।
সভায় প্রগতি স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন ও প্রগতি ইসপোর্টস ক্লাবের সকল নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় মাদকবিরোধী সচেতনতামূলক সভা সফলভাবে আয়োজন, জনসচেতনতা বৃদ্ধি এবং যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে সম্মিলিতভাবে কাজ করার বিষয়ে আলোচনা করা হয়।
সভা থেকে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন জোরদার করার প্রত্যয় ব্যক্ত করা হয়। পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে মাদকবিরোধী কার্যক্রমে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
বক্তারা বলেন, “মাদকের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলি, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হই। মাদকমুক্ত সমাজ গড়া শুধু প্রতিশ্রুতি নয়, এটি আমাদের অঙ্গীকার।”