সাদ্দাম হোসেন সাজ্জাদ :
কক্সবাজারের টেকনাফে মানব পাচারচক্রের সদস্যদের ধাওয়া করে ৯ জনকে উদ্ধার করেছে বিজিবি। শনিবার সন্ধ্যায় দক্ষিণ লম্বরীঘাট এলাকায় এ অভিযান চালানো হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারচক্রের ১০ থেকে ১৫ জন সদস্য একটি নৌকায় উঠে সমুদ্রের দিকে পালিয়ে যায়।
বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে কয়েকজনকে দক্ষিণ লম্বরীঘাট এলাকায় নিয়ে আসা হচ্ছে—এমন গোপন সংবাদ পেয়ে অভিযান শুরু করে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)। বিকেল সাড়ে ৫টার দিকে বিজিবির একটি বিশেষ টহল দল ওই এলাকায় কৌশলগত অবস্থান নেয়।
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঘটনাস্থলে ২০ থেকে ২৫ জনের উপস্থিতি দেখতে পায় টহল দল। একই সময়ে সমুদ্র থেকে একটি সন্দেহজনক নৌকা ঘাটের দিকে আসতে দেখা যায়। পরে নৌকাটিকে ধাওয়া করলে পাচারচক্রের সদস্যরা পালিয়ে যায়। এ সময় পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা ৯ জনকে উদ্ধার করা সম্ভব হয়।
বিজিবির দাবি, উদ্ধার হওয়া ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁদের জোরপূর্বক পাচারের উদ্দেশ্যে সেখানে নিয়ে আসার কথা জানিয়েছেন।
টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক জানিয়েছেন, সীমান্ত ও উপকূলীয় এলাকায় মানব পাচার প্রতিরোধে বিজিবির তৎপরতা অব্যাহত থাকবে। উদ্ধার হওয়া ব্যক্তিদের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।