মিরসরাইয়ে মিয়ানমারে সার পাচারের চেষ্টা: বিএনপি-ছাত্রদলের তিন নেতা গ্রেপ্তার
৩০১ বস্তা সার জব্দের ঘটনায় তদন্তে উঠে আসে রাজনৈতিক নেতাদের নাম, আদালতে পাঠিয়েছে পুলিশ
নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার
চট্টগ্রামের মিরসরাইয়ে উপকূলীয় এলাকা ব্যবহার করে মিয়ানমারে সার পাচারের চেষ্টার অভিযোগে স্থানীয় বিএনপি ও ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার ওচমানপুর ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ওচমানপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মহসিন সম্রাট, তাঁর ছেলে আজাহার উদ্দিন মাহিন এবং ওচমানপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক ফারাবি হোসেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিরসরাইয়ের জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলকে কেন্দ্র করে একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে মিয়ানমারে সার পাচারের চেষ্টা চালিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ৩১ অক্টোবর পাচারের উদ্দেশ্যে মজুত করা ৩০১ বস্তা সার জব্দ করে পুলিশ। ওই ঘটনায় কয়েকজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিদের দেওয়া তথ্য এবং তাঁদের মোবাইল ফোনের কললিস্ট বিশ্লেষণ করে সার পাচারের সঙ্গে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েকজন নেতাকর্মীর সম্পৃক্ততার তথ্য পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ।
জোরারগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিম জানান, ৩০১ বস্তা সার জব্দের ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত চালানো হয়। তদন্তে নোয়াখালীর সুবর্ণচর এলাকার মাহে আলম মেম্বার ও তাঁর ভাই নুর উদ্দিনের মাধ্যমে সার চালানের তথ্য পাওয়া যায়। পরে মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের শওকত আকবর সোহাগের মাধ্যমে মুহুরী প্রকল্পের বেড়িবাঁধ এলাকা দিয়ে সার মিয়ানমারে পাচারের পরিকল্পনার তথ্য উঠে আসে।
পুলিশের দাবি, ওই পরিকল্পনা বাস্তবায়নে ফারাবি হোসেনসহ কয়েকজন সহযোগিতা করছিলেন। তবে পুলিশের তৎপরতায় পাচারের চেষ্টা ব্যর্থ হয়।
এ ঘটনায় রোববার ভোরে অভিযান চালিয়ে মহসিন সম্রাট, তাঁর ছেলে আজাহার উদ্দিন মাহিন ও ফারাবি হোসেনকে গ্রেপ্তার করা হয়।
ওসি আরও জানান, সার পাচারসংক্রান্ত তদন্তের স্বার্থে অর্থনৈতিক অঞ্চলে যুবদল নেতা শওকত আকবর সোহাগের কার্যালয় থেকে বাদশাহ নামে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তবে তদন্তে তাঁর সম্পৃক্ততা পাওয়া যায়নি।
গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাঁদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।