চট্টগ্রামের পতেঙ্গায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৪০ টন সিমেন্টসহ চারজনকে আটক করেছে কোস্ট গার্ড। সিমেন্টগুলো মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল বলে জানিয়েছে সংস্থাটি।
রোববার (১ নভেম্বর) সকালে কর্ণফুলী চ্যানেলের ১৫ নম্বর ঘাটসংলগ্ন এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা এ অভিযান পরিচালনা করে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজনের দেওয়া তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি চালানো হয়। এ সময় প্রায় চার লাখ টাকা মূল্যের ৪০ হাজার কেজি সিমেন্ট উদ্ধার করা হয়। একই সঙ্গে বোটটি জব্দ এবং চারজনকে আটক করা হয়।
জব্দ করা মালামাল ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথাও জানিয়েছে কোস্ট গার্ড।