কক্সবাজারের উখিয়া সীমান্ত দিয়ে ইয়াবা পাচারের সময় ৫০ হাজার পিস ইয়াবার একটি চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মো. হাসমাতুল্লাহ (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। জব্দ করা ইয়াবার আনুমানিক মূল্য এক কোটি ৫০ লাখ টাকা।
শনিবার (৩১ অক্টোবর) রাত ১২টা ১০ মিনিটের দিকে উখিয়ার পালংখালী সীমান্তের ফারিরবিল এলাকায় এ ঘটনা ঘটে।
৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধীন পালংখালী বিওপির বিশেষ টহল দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় মিয়ানমারের দিক থেকে এক ব্যক্তিকে পোটলা হাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা তাঁকে চ্যালেঞ্জ করেন। তখন তিনি পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাঁকে আটক করা হয়।
পরে তাঁর হাতে থাকা পোটলা তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের পাঁচ কার্টন ইয়াবা পাওয়া যায়। গণনা করে সেখানে ৫০ হাজার পিস ইয়াবা পাওয়া গেছে বলে বিজিবি জানায়।
আটক হাসমাতুল্লাহ উখিয়ার ১২ নম্বর এফডিএমএন ক্যাম্পের বাসিন্দা। বিজিবির ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে বহন করার কথা স্বীকার করেছেন।
উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম অভিযানের তথ্য নিশ্চিত করে জানান, মাদক সরবরাহকারী ও চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্তে মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।