আবু মুসা,
কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে একাধিক মানবপাচার মামলার এজাহারনামীয় ও চার্জশিটভুক্ত পলাতক আসামি আবদুল করিমকে (৫০) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫। তিনি একটি সক্রিয় মানবপাচার চক্রের সদস্য বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রোববার (১ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের উত্তর কচ্ছপিয়া ৮ নম্বর ওয়ার্ডের কচ্ছপিয়া ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এসআরবি-১৫-এর সিপিসি-১ (টেকনাফ) ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার আবদুল করিম টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কচ্ছপিয়া এলাকার ছৈয়দ ওমরের ছেলে।
এসআরবি-১৫-এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক তথ্য অনুযায়ী, আবদুল করিমের বিরুদ্ধে একাধিক মানবপাচার মামলায় এজাহারভুক্ত ও চার্জশিটভুক্ত আসামি হিসেবে সংশ্লিষ্টতা রয়েছে। তিনি একটি সক্রিয় মানবপাচার চক্রের সঙ্গে জড়িত বলে জানা গেছে।
গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-১৫ জানিয়েছে, মানবপাচারসহ সব ধরনের সংঘবদ্ধ অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
সূত্র: এসআরবি-১৫-এর প্রেস বিজ্ঞপ্তি।