সাদ্দাম হোসেন সাজ্জাদ,নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজারের উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিশেষ অভিযানে মালিকবিহীন এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য তিন কোটি টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
শনিবার (১৪ নভেম্বর) ভোর ৬টা ১৫ মিনিটের দিকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধীন পালংখালী বিওপির বিশেষ টহল দল এ অভিযান চালায়।
৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, সীমান্তবর্তী দায়িত্বপূর্ণ এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে মিজানের ঘের নামক স্থানে মিয়ানমার থেকে দুই ব্যক্তিকে দুটি ব্যাগ হাতে প্রবেশ করতে দেখে বিজিবির টহল দলের সন্দেহ হয়। এ সময় তাদের চ্যালেঞ্জ করা হলে ব্যাগ ফেলে ঘেরে ঝাঁপ দিয়ে পাশের গ্রামের দিকে পালিয়ে যান তাঁরা।
পরে ফেলে যাওয়া ব্যাগ দুটি তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী প্যাকেটে থাকা আনুমানিক এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়েও পলাতক ব্যক্তিদের আটক করা সম্ভব হয়নি।
বিজিবি অধিনায়ক আরও জানান, পলাতক চোরাকারবারিদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনে সীমান্ত নিরাপত্তা রক্ষা এবং মাদক ও অন্যান্য অবৈধ কার্যক্রম প্রতিরোধে দায়িত্ব পালন করছে।