এম এ কাশেম, বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম:
চট্টগ্রামের কর্ণফুলীতে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক সদস্যকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি কালো রঙের হার্ডজিপ গাড়িও জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম হাসিবুর রহমান (৩৮)। তিনি পটুয়াখালী জেলা কার্যালয়ে কর্মরত ছিলেন।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে কর্ণফুলী থানার শিকলবাহা ইউনিয়নের চরফরিদ এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর হেফাজত থেকে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে ডিবির বন্দর বিভাগের একটি বিশেষ অভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে ইয়াবা পরিবহনে ব্যবহৃত ঢাকা-মেট্রো-ঘ-১৮-১৩১৭ নম্বরের একটি কালো রঙের হার্ডজিপ গাড়ি জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে কর্ণফুলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে সূত্র জানিয়েছে।