সাদ্দাম হোসেন সাজ্জাদ :
কক্সবাজারের টেকনাফে মাদকসেবনের অপরাধে মোহাম্মদ আনাস (২০) নামে এক রোহিঙ্গা যুবককে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ক্যাম্প ইনচার্জ (সিআইসি)। বুধবার (৪ নভেম্বর) বিকেলে নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-আই এলাকায় এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বুধবার বেলা আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে নয়াপাড়া নিবন্ধিত ক্যাম্পে দায়িত্ব পালনকালে এপিবিএনের একটি মোবাইল টহল দল ব্লক-আই এলাকায় এক রোহিঙ্গা যুবককে মাদকসেবনরত অবস্থায় দেখতে পায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে দায়িত্বরত সদস্যরা তাঁকে আটক করেন।
পরে আটক যুবককে নয়াপাড়া এপিবিএন ক্যাম্পে নেওয়া হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে ক্যাম্প ইনচার্জের (সিআইসি) কার্যালয়ে হাজির করা হলে সিআইসি খানজাদা শাহরিয়ার বিন মান্নান (উপসচিব) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৪২(১) ধারা লঙ্ঘনের দায়ে তাঁকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।
সাজাপ্রাপ্ত মোহাম্মদ আনাস নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-আই এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম সৈয়দ আলম এবং মাতার নাম ফাতেমা খাতুন।
সাজা প্রদানের পর তাঁকে পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।