নিজস্ব প্রতিবেদক,
কক্সবাজারের টেকনাফে ২৫ নম্বর আলীখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে পরিত্যক্ত অবস্থায় ১০০ ক্যান হান্টার বিয়ার উদ্ধার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। উদ্ধার করা বিয়ারগুলোর আনুমানিক বাজারমূল্য ৫০ হাজার টাকা।
সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে ক্যাম্পের একটি খালের পাড় থেকে এসব বিয়ার উদ্ধার করা হয়।
১৬ এপিবিএন সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতে আলীখালী এপিবিএন ক্যাম্পের একটি টহল দল নিয়মিত দায়িত্ব পালনকালে ২৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-০৮ ব্লকের পশ্চিম পাশে খালের পাড়ে একটি পরিত্যক্ত কার্টন দেখতে পায়।
কার্টনটি সন্দেহজনক মনে হলে পুলিশ সদস্যরা সেটি তল্লাশি করেন। এ সময় কার্টনের ভেতরে ৩৩০ মিলিলিটার ধারণক্ষমতার ১০০ ক্যান হান্টার বিয়ার পাওয়া যায়।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে জব্দতালিকা প্রস্তুত করে উদ্ধার করা বিয়ারগুলো জব্দ করেন এপিবিএনের সদস্যরা। তবে এসব বিয়ার কারা সেখানে রেখেছিল এবং কোথা থেকে আনা হয়েছিল, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার করা বিয়ারের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।