ফরহাদ রহমান
স্টাফ রিপোর্টার:কক্সবাজারের টেকনাফ পৌরসভার মাতবর মসজিদ রোড এলাকায় অভিযান চালিয়ে ৯০ হাজার পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৬টা ৪০ মিনিটের দিকে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের একটি বসতঘরে এ অভিযান চালানো হয়।
র্যাব-১৫-এর সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) সূত্রে জানা যায়, টহল ডিউটির সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নুরুল হুদার বসতঘরে বিক্রির উদ্দেশ্যে ইয়াবা মজুত রাখা হয়েছে। পরে র্যাবের একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়।
র্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলেও ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে বসতঘরের পশ্চিম পাশের একটি কক্ষের সানশেডের ওপর থেকে সাদা প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। বস্তার ভেতরে থাকা নয়টি প্যাকেট থেকে ৯০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—টেকনাফ পৌরসভার মৃত কবির আহমদের ছেলে নুরুল হুদা (৪০), মো. ছিদ্দিক (৩২) ও মো. ইয়াছিন (২৫)। এ সময় ছিদ্দিকের কাছ থেকে একটি সিম্ফনি বাটন ফোন এবং ইয়াছিনের কাছ থেকে একটি ভিভো ওয়াই৩৩এস মডেলের অ্যান্ড্রয়েড ফোন জব্দ করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে র্যাব।