সাদ্দাম হোসেন সাজ্জাদ :
কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের রাতের টহল চলাকালে ইয়াবা সেবনের অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তদের মধ্যে একজন রোহিঙ্গা নাগরিক এবং তিনজন স্থানীয় বাঙালি।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত আনুমানিক ২টা ১০ মিনিটে টেকনাফ উপজেলার ২৪ নম্বর লেদা রোহিঙ্গা ক্যাম্পের এফ (এলএমএস) ব্লকের একটি পরিত্যক্ত ঘরে এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, লেদা এপিবিএনের রাত্রিকালীন মোবাইল টহল দল ওই এলাকায় দায়িত্ব পালন করছিল। এ সময় স্থানীয় আব্দুল জলিলের বসতশেডসংলগ্ন একটি পরিত্যক্ত ঘরে কয়েকজনকে ইয়াবা সেবন করতে দেখা যায়। টহল দলের উপস্থিতি টের পেয়ে তাঁরা পালানোর চেষ্টা করেন। পরে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়।
এ সময় ঘটনাস্থল থেকে ইয়াবার গুঁড়া, চারটি অক্ষত ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
পরে আটক ব্যক্তিদের ক্যাম্প-২২-এর সিআইসি কার্যালয়ে নেওয়া হয়। সেখানে সিনিয়র সহকারী সচিব মো. রনি আলম নূরের পরিচালনায় ভ্রাম্যমাণ আদালত বসানো হয়।
আদালত আব্দুল জলিলকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেন। অপরদিকে সৈয়দ নূর, মো. ইছহাক ও শাহ আলমকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ৫০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
এ ঘটনায় দণ্ডপ্রাপ্ত চারজনের বিরুদ্ধে কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে তিনজন স্থানীয় বাঙালি এবং একজন রোহিঙ্গা নাগরিক।