সাদ্দাম হোসেন সাজ্জাদ :
কক্সবাজার শহর ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২১ জনকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। এ ছাড়া কিশোর গ্যাংয়ের ১৭ সদস্যকে আটকের কথা জানিয়েছে পুলিশ। অভিযানে এক ব্যক্তির কাছ থেকে ৯ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধারের দাবি করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) রাতে পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় শহর ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই, মাদক কারবার এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মাদক কারবারের অভিযোগে একজন, মাদক সেবনের অভিযোগে ১১ জন, বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে আটজন এবং পরোয়ানাভুক্ত একজন রয়েছেন।
গ্রেপ্তার ব্যক্তিদের একজন ওসমান গণি ওরফে বাপ্পি (২৯)। তিনি উখিয়ার থাইংখালী এলাকার বাসিন্দা। তাঁর কাছ থেকে ৯ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। তাঁর বিরুদ্ধে শরীয়তপুরের নড়িয়া থানা ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কর্ণফুলী থানায় পৃথক মামলা রয়েছে বলে জানানো হয়েছে।
এ ছাড়া বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার আটজনের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাঁদের মধ্যে মোহাম্মদ ওয়াজেদ আলীর বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, অগ্নিসংযোগ, মারামারি, চুরি ও ভাঙচুরের অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে পুলিশের দাবি।
অন্যদিকে, সদর মডেল থানার একটি পরোয়ানাভুক্ত মামলায় রাসেল (১৬) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, শহর ও আশপাশের এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।