সাদ্দাম হোসেন সাজ্জাদ :
মাদক চোরাচালান প্রতিরোধে কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা ও দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
বিজিবির তথ্য অনুযায়ী, মিয়ানমারের মংডুখাল থেকে নাফ নদীপথে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশের আশঙ্কায় নাজিরপাড়া ও সাবরাং বিওপির টহল দল নদীর সম্ভাব্য প্রবেশপথে অবস্থান নেয়।
পরে বিএসপি পোস্টের আনুমানিক ৩০০ মিটার পূর্বে এবং শূন্যরেখা থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ২০০ মিটার দূরে সন্দেহভাজন নৌকাটিতে অভিযান চালানো হয়। এ সময় চারজনকে আটক করা হয়।
বিজিবি জানায়, অভিযানের উপস্থিতি টের পেয়ে নৌকায় থাকা ব্যক্তিরা ইয়াবার চালান নদীতে ফেলে দেন। পরে নদীতে তল্লাশি চালিয়ে ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিদের পরিচয় হিসেবে আবদুল খালেক (২৫), নূর ফয়সার (২৫), মিজানুর রহমান (২৪) ও হাফেজ আহম্মদের (২৯) নাম উল্লেখ করা হয়েছে।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু এবং জব্দ করা মালামাল টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।