কক্সবাজারের টেকনাফের বড়ইতলি সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্ট গার্ড। সোমবার রাত ১টার দিকে পরিচালিত এ অভিযানে ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিও জব্দ করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের একপর্যায়ে সন্দেহজনক একটি সিএনজিতে তল্লাশি চালানো হয়। এ সময় প্রায় ৩ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৭০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
তিনি আরও জানান, কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যান। এ কারণে কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধার করা ইয়াবা ও জব্দ করা সিএনজির বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মাদক পাচার প্রতিরোধে কোস্ট গার্ডের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।