বুধবার (২১ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে পালংখালী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলামের দেওয়া তথ্য অনুযায়ী, গোয়েন্দা নজরদারির ভিত্তিতে পরিচালিত অভিযানে সীমান্তের বেড়িবাঁধ দিয়ে মিয়ানমারের দিক থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করা এক ব্যক্তিকে সন্দেহ হয়। ওই ব্যক্তির হাতে গামছায় মোড়ানো একটি পোটলা ছিল।
বিজিবির টহল দল তাঁকে চ্যালেঞ্জ করলে তিনি পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে তাঁকে আটক করা হয়। পোটলাটি তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো দুটি কার্টনে ২০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
আটক বেলাল হোসেন উখিয়ার আঞ্জুমানপাড়া গ্রামের নুর হোসেনের ছেলে। বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন বলে জানিয়েছেন।
সীমান্তে মাদক চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি আরও বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বিজিবি।